
“ইউনিট থিয়েটার কনসেপ্ট” ধারণাকে কেন্দ্র করে শান্তি, ন্যায়বিচার ও সামাজিক পরিবর্তনের প্রত্যয়ে ১৪ মার্চ ১৯৯৭ সালে পথচলা শুরু করেছিল উৎস (UTSA)। বিগত ২৮ বছরে, নাট্যচর্চার মাধ্যমে মানবিক সহায়তা, মানসিক স্বাস্থ্য, নারী অধিকার, শিশু ও কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন, সাংস্কৃতিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে উৎস।
এই বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎস’র সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, সহ-সভাপতি ডা. শাহানা বেগম, অর্থ সম্পাদক আবুল বাশার, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা, নির্বাহী সদস্য সৈয়দা সৈয়দুর ন্নেছা এবং আরও অনেকে। অতিথিরা উৎস’র অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
উৎস’র সভাপতি অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ বলেন, “উৎস শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন, যেখানে নাট্যচর্চার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পথ প্রশস্ত করা হয়েছে। ২৮ বছরের এই পথচলা প্রমাণ করে যে সংস্কৃতি ও সৃজনশীলতার শক্তি সমাজ বদলাতে পারে।”
সহ-সভাপতি ডা. শাহানা বেগম বলেন, “উৎস দীর্ঘদিন ধরে নারীর ক্ষমতায়ন, মানসিক স্বাস্থ্য, ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। থেরাপিউটিক থিয়েটারের মাধ্যমে যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তা উৎস বারবার প্রমাণ করেছে।”
সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যাত্রা বলেন, “আমাদের যাত্রা কখনোই সহজ ছিল না, কিন্তু আমরা সবসময় সামনে এগিয়ে গেছি। উৎস আজ যে জায়গায় পৌঁছেছে, তা আমাদের কর্মীদের কঠোর পরিশ্রম ও সমাজের প্রতি দায়বদ্ধতারই ফল। আগামীতেও আমরা নতুন উদ্যোগ ও কর্মসূচি নিয়ে এগিয়ে যাবো।”
২৮ বছর পেরিয়ে, উৎস আগামীর পথে—প্রগতির, ন্যায়ের ও আলোর পথে!
